হামের প্রাদুর্ভাবের পর এবার সিলেটে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার (৩ আগস্ট) প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা আফিয়া খানম (৫৪)। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এতে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির ওপর নিবিড় নজরদারির পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় জানায়, নতুন শনাক্ত দুই রোগীর একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনাক্ত হয়েছেন।
কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজারে ১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে আসা তিনজন রোগীও সিলেট বিভাগের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রতিনিধি/আরএইচ