নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এর মধ্যে হাসপাতালের একমাত্র জেনারেটরটি প্রায় আড়াই বছর ধরে অচল থাকায় বিদ্যুৎ চলে গেলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ চলে গেলে হাসপাতালজুড়ে অন্ধকার নেমে আসে। এতে জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার ও আইসিইউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের কার্যক্রম ব্যাহত হয়। প্রচণ্ড গরমে ওয়ার্ডে ভর্তি রোগী, বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেক স্বজনকে হাতপাখা বা খবরের কাগজ দিয়ে রোগীদের বাতাস করতে দেখা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের একমাত্র জেনারেটরটি প্রায় আড়াই বছর ধরে অচল। বিকল্প বিদ্যুৎ সরবরাহের এই প্রধান ব্যবস্থা দীর্ঘদিন ধরে অকেজো থাকলেও এটি মেরামত বা নতুন জেনারেটর স্থাপনে এখনো কার্যকর উদ্যোগ বাস্তবায়ন হয়নি।
চিকিৎসাধীন কয়েকজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি হাসপাতালে কম খরচে ভালো চিকিৎসার আশায় এসেছি। কিন্তু বিদ্যুৎ চলে গেলে ঘণ্টার পর ঘণ্টা গরম ও অন্ধকারে থাকতে হয়। জেনারেটর বছরের পর বছর ধরে নষ্ট—এটা খুবই দুর্ভাগ্যজনক।”
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেনারেটরটি মেরামতের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ ও কারিগরি অনুমোদন পাওয়া গেলে দ্রুত এটি সচল করার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দ্রুত জেনারেটর সচল করে হাসপাতালের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক, যাতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত না হয়।
প্রতিনিধি/আরএইচ