নারায়ণগঞ্জে প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধের দাবিতে ডিপিডিসি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ ও নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা প্রিপেইড মিটারের বিভিন্ন সমস্যা এবং ভুক্তভোগী গ্রাহকদের হয়রানির বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী বা বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আলোচনা ছাড়া নারায়ণগঞ্জে নতুন করে কোনো প্রিপেইড মিটার স্থাপন না করার দাবি জানান।
সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল এবং ‘আমরা নারায়ণগঞ্জবাসী’-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন।
আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আমাদের প্রধানমন্ত্রী জনগণের কথা সবসময়ই প্রাধান্য দেন। তাই তিনি নারায়ণগঞ্জবাসীর এই দাবির বিষয়টি অবশ্যই গুরুত্ব দেবেন। আমি ডিপিডিসিকে বলব, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী কিংবা বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আমাদের কথা বলার ব্যবস্থা করুন। নারায়ণগঞ্জবাসীর মুখ থেকে তাদের সমস্যার কথা শুনলে তিনি অবশ্যই এই দাবিকে গুরুত্ব দেবেন।”
অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, “প্রিপেইড মিটার বসানোকে কেন্দ্র করে হাইকোর্টে একটি রিট চলমান আছে। সেই রিট উপেক্ষা করে ডিপিডিসি প্রিপেইড মিটার বসাতে পারে না।”
বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন বলেন, “এরই মধ্যে আমরা চারবার স্মারকলিপি দিয়েছি। ডিপিডিসির কাছে প্রিপেইড মিটারের সমস্যাগুলো তুলে ধরেছি। তারপরও তারা নারায়ণগঞ্জবাসীর দাবিকে গুরুত্ব দিচ্ছে না। আজ ডিপিডিসির প্রকল্প পরিচালক আসবেন বলে আমাদের ডাকা হয়েছে। তাই আমরা ভুক্তভোগীদের উপস্থিত করে তাদের বিভিন্ন হয়রানির বিষয় তুলে ধরেছি। আমরা নারায়ণগঞ্জে কোনো প্রিপেইড মিটার চাই না।”
সভা শেষে ডিপিডিসির এনওসিএস (দক্ষিণ) প্রধান প্রকৌশলী মো. কামাল হোসেনের কাছে সভার ফলাফল সম্পর্কে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেননি। সংবাদকর্মীদের অপেক্ষা করতে বলে তিনি জানান, প্রকল্প পরিচালকসহ ঢাকা থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বক্তব্য দেওয়া হবে। পরে তিনি সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য না করে সেখান থেকে চলে যান।
প্রতিনিধি/আরএইচ