পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’- এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সড়কে ডাস্টবিন স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চকবাজার এলাকায় সড়কের পাশে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট চিকিৎসক ডা. রত্ন দী পাল, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ অন্যরা।
পৌরসভার তথ্য অনুযায়ী, পৌরসভার বিভিন্ন স্থানে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হবে। এর মধ্যে স্কুল-কলেজেও ডাস্টবিন স্থাপন করা হবে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, “আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নগরবাসী ডাস্টবিন ব্যবহার করবে। সেখান থেকে যথাযথভাবে রিসাইকেবল ম্যাটেরিয়ালস এবং ওয়েস্ট ম্যাটেরিয়ালস আলাদা করে ডিসপোজ করা হলে নগরের বায়ুদূষণ ও পরিবেশদূষণ রোধ হবে এবং লক্ষ্মীপুরের সার্বিক পরিবেশ উন্নত হবে।”
পৌর প্রশাসক সম্রাট খীসা জানান, গ্রীন লক্ষ্মীপুর গড়তে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পৌরবাসী এ কার্যক্রমের সুফল ভোগ করবেন। পাশাপাশি তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান।
প্রতিনিধি/আরএইচ