বান্দরবান সদর উপজেলার রাজবিলা এলাকায় শিলক খাল রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিলক খাল ও বালার ভাঙনসহ সংশ্লিষ্ট পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে বালু উত্তোলনের কার্যক্রম অবিলম্বে স্থগিত করে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। পরিবেশ, কৃষি, পানিপ্রবাহ, বালুর ভাঙন ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন না হওয়া পর্যন্ত বালু উত্তোলন বন্ধ রাখার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে পুনরায় জনসম্পৃক্ততামূলক পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বালু উত্তোলন এলাকা পরিবেশ ও অবকাঠামোর ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। তাই বালুমহাল ঘোষণা বাতিল করে এলাকাটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
এ ছাড়া শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধ করে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, খাল ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।
মানববন্ধন থেকে শিলক খাল রক্ষা, বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ ও কৃষির ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।
প্রতিনিধি/আরএইচ