নারায়ণগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি। ‘Climate Resilient Campus Initiative’-এর আওতায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ইউএনও বলেন, “বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এই যুগে টিকে থাকতে তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং এখন শুধু বিকল্প আয়ের উৎস নয়, বরং এটি একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ঘরে বসেই আন্তর্জাতিক বাজারে কাজ করে আয় করা সম্ভব।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০ দিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নতুন উদ্যোক্তা তৈরি এবং বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করার জন্য প্রয়োজনীয় প্রাথমিক দক্ষতা অর্জন করবেন বলে আশা করছেন আয়োজকরা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্রও প্রদান করা হবে।
‘Climate Resilient Campus Initiative’-এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে তোলার পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের বিকল্প কর্মসংস্থানের দক্ষতায় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অর্থায়নে এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ