সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিন্না ঘাসের প্রয়োগ ও সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বিন্না ঘাসের উপকারিতা এবং দেশের সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে এর ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রস্তাবনার আলোকে প্রকল্পে এই ঘাসের ব্যবহার বিষয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ঠিক কোন কোন প্রকল্পে এই ঘাস ব্যবহার করা যেতে পারে, তা বিস্তারিত পর্যালোচনার জন্য গঠিত টেকনিক্যাল কমিটিতে প্রস্তাবক ড. মোহাম্মদ শরীফুল ইসলামকেও রাখা হয়েছে। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিন্না ঘাস ব্যবহারের জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভেটিভার নামে পরিচিত এই বিন্না ঘাসের দীর্ঘ শিকড় মাটির গভীরে গিয়ে শক্ত কাঠামো তৈরি করে। তীব্র শীত, গরম কিংবা অতিরিক্ত পানিতে পচে না যাওয়ার পাশাপাশি এটি লবণাক্ত পরিবেশেও টিকে থাকতে সক্ষম। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে নদীর পাড় ও বাঁধ রক্ষায় এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রমুখ।
দেশবার্তা/একে