টেকসই ও সুপরিকল্পিত গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিচালিত ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)’ কর্মসূচির অংশ হিসেবে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্কুলশিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় সদর উপজেলার গ্রামীণ সড়কের সঠিক কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের সার্বিক অধিকার সংরক্ষণ এবং ভৌগোলিক তথ্যের সঠিকতা যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন পরামর্শক প্রতিষ্ঠান ‘বেটস (BETS) কনসালটিং সার্ভিসেস লিমিটেড’-এর জিআইএস স্পেশালিস্ট লরেন্স চাকমা। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ