কিমের সঙ্গে আবারও বৈঠক চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান।

2026-08-21T16:56:32+06:00
2026-08-21T16:56:32+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
কিমের সঙ্গে আবারও বৈঠক চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান। তবে পিয়ংইয়ংয়ের শীতল প্রতিক্রিয়ায় স্পষ্ট, দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক ‘চমৎকার’ হলেও নতুন শীর্ষ বৈঠকের জন্য কঠিন শর্ত দিতে পারে উত্তর কোরিয়া। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক নীতি’ পরিবর্তন এবং দেশটিকে পারমাণবিক শক্তি হিসেবে মেনে নেয়ার বিষয়টি সামনে আনতে পারে পিয়ংইয়ং।

চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পরিসর হঠাৎ কমিয়ে দেন ট্রাম্প। মহড়াগুলোকে উত্তর কোরিয়ার প্রতি ‘শত্রুতামূলক’ বলেও মন্তব্য করেন তিনি। বুধবার ট্রাম্প জানান, চলতি বছরের শেষ দিকে কিমের সঙ্গে বৈঠক হবে বলে তিনি আশা করছেন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা পুনরায় শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সাফল্য অর্জনে আগ্রহী ট্রাম্প। বছরের শেষ দিকে চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনে তার অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর কোরিয়া ইতিবাচক সাড়া দিলে ওই সফরের সময় এ অঞ্চলে দুই নেতার বৈঠকের সুযোগ তৈরি হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ওয়াশিংটন। উপযুক্ত সময়ে ট্রাম্প ও কিম আবার বৈঠক করবেন। তবে যুক্তরাষ্ট্র এখনো উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্য থেকে সরে আসেনি।

পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া অবশ্য সতর্কতামূলক। কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেছেন, দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক ‘চমৎকার’। কিন্তু সামরিক মহড়ার পরিসর কমানোকে যুক্তরাষ্ট্রের কোনো ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে মানতে নারাজ উত্তর কোরিয়া। তার দাবি, মহড়া অব্যাহত রাখার মধ্য দিয়ে ওয়াশিংটনের শত্রুতামূলক নীতিই প্রতিফলিত হচ্ছে। ট্রাম্প ও কিমের মধ্যে সম্প্রতি কোনো যোগাযোগ হওয়ার কথাও অস্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। বিশ্লেষকদের ধারণা, চলমান যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার প্রতিবাদেই এ উৎক্ষেপণ হয়ে থাকতে পারে।

কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল-চুল বলেন, ট্রাম্প ও কিমের ব্যক্তিগত সম্পর্ককে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক থেকে আলাদা করে দেখছে পিয়ংইয়ং। ব্যক্তিগত কূটনীতি উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা ও সামরিক সক্ষমতা শক্তিশালী করার কৌশলকে প্রভাবিত করবে না।

ওয়াশিংটনভিত্তিক স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো জেনি টাউন বলেন, নতুন বৈঠকের জন্য উত্তর কোরিয়ার শর্তগুলো পূরণ করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন হবে। পিয়ংইয়ং চায়, উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতির বড় ধরনের পরিবর্তন হোক। একই সঙ্গে দেশটির পারমাণবিক মর্যাদা মেনে নেয়া কিংবা অন্তত পারমাণবিক নিরস্ত্রীকরণ আর ওয়াশিংটনের লক্ষ্য নয়—এমন ঘোষণা চাইতে পারে তারা।

২০১৮ ও ২০১৯ সালে ট্রাম্প ও কিম কয়েক দফা নজিরবিহীন বৈঠক করেছিলেন। কিন্তু উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগে যুক্তরাষ্ট্রের দাবির কারণে ওই কূটনৈতিক প্রচেষ্টা ভেঙে পড়ে। দ্বিতীয় মেয়াদে এসে ট্রাম্প একাধিকবার উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক শক্তি’ হিসেবে উল্লেখ করলেও তার প্রশাসন আনুষ্ঠানিকভাবে এ মর্যাদা স্বীকার করেনি।

বিশ্লেষকদের মতে, আগের তুলনায় আলোচনায় ফেরার তাগিদও এখন কিমের কম। চীন ও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ও বাণিজ্য বেড়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা, সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতাও করছে পিয়ংইয়ং। ফলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত সমঝোতায় যাওয়ার প্রয়োজন কমেছে।

তবে কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের গবেষক হং মিন মনে করেন, কিম ইয়ো জংয়ের বক্তব্যে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি। বরং যুক্তরাষ্ট্রকে আরও নমনীয় অবস্থানে আনতে এবং ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র তৈরির চেষ্টা করছে পিয়ংইয়ং। তার মতে, দুই দেশ এখন পরস্পরের অবস্থান যাচাই ও কূটনৈতিক সংকেত বিনিময়ের পর্যায়ে প্রবেশ করছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]