বৈশ্বিক পরিস্থিতি এবং দেশে ক্রমবর্ধমান চাহিদার কারণে তৈরি হওয়া জ্বালানি সংকট শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এফএসআরইউ মেরামত করা হয়েছে। তবে বর্তমানে গ্যাসের যে কার্গো রয়েছে, সেটির সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।’
সাম্প্রতিক এই সংকটের জন্য কেবল বর্তমান সরকারের ব্যবস্থাপনাকে দায়ী করা ঠিক হবে না উল্লেখ করে তিনি জানান, বৈশ্বিক বাজার পরিস্থিতি এবং দীর্ঘদিনের দেশীয় জ্বালানি ব্যবস্থাপনার ঘাটতিই এই সমস্যার মূল কারণ।
সংকট উত্তরণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, শিল্পকারখানা চালু রাখতে গ্যাস ও বিদ্যুতের বিল এককালীন পরিশোধের পরিবর্তে ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি শিল্পে ব্যবহার সাশ্রয় এবং কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সর্বোচ্চ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর পরিকল্পনার বিষয়ে তিনি জানান, বিদেশনির্ভরতা কমাতে ১ হাজার ৭৫০ এমএমসিএফডি গ্যাস উত্তোলনের লক্ষ্যে ১৫০টি কূপ খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভোলার নতুন গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে দ্রুত গ্যাস যুক্ত করতে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে জরুরি পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক বাজারের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে প্রতি ইউনিট এলএনজির দাম ছিল ১২ থেকে ১৪ ডলার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪ ডলারে।’
গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে সরকার কাতার, ওমান ও মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রীর হিসেব উদ্ধৃত করে উপদেষ্টা উল্লেখ করেন, জ্বালানি খাতে পুরোপুরি ভালো অবস্থায় যেতে প্রায় দুই বছর সময় লাগলেও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটাতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে খাদ্য উৎপাদন বজায় রাখতে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে