অভিনয়ের ব্যস্ততার মাঝেও ব্যক্তিজীবনের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে। এবার স্ত্রীর জন্মদিনে ভালোবাসায় ভরা এক আবেগঘন বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছেন তিনি।
বৃহস্পতিবার ছিল তৌসিফের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারার জন্মদিন। বিশেষ এই দিনটি উপলক্ষ্যে স্ত্রীর সঙ্গে তোলা ৯ বছর আগের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেতা। ছবির ক্যাপশনে প্রিয় মানুষটির প্রতি গভীর অনুভূতির কথা তুলে ধরেন তিনি।
তৌসিফ লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার মানুষ। এতগুলো বছর পার হয়ে গেল, তবুও তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন আমার কাছে আলাদা। জীবনের সবকিছু তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই- ভালো, খারাপ, হাসি, ঝগড়া। শুধু এভাবেই পাশে থেকো।’
অভিনেতার এই বার্তায় মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে অনেকেই এই তারকা দম্পতিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেছেন।
দীর্ঘদিনের জানাশোনা ও সম্পর্কের পর ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তৌসিফ মাহবুব ও জান্নাতুল ফেরদৌস জারা। জারা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে বিবিএ সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, ২০১০ সালে অভিনয়জীবন শুরু হলেও ২০১৩ সালে ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ কাজ করে ব্যাপক পরিচিতি পান তৌসিফ। পরবর্তীতে ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্রিপ’, ‘রুমমেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’ ও ‘নাইন অ্যান্ড আ হাফ’-এর মতো একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ছোটপর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।
দেশবার্তা/একে