আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে তৈরি হয়নি; এর পেছনে বৈশ্বিক নানা কারণ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে, বিশেষ করে শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে কার্যকর উদ্যোগ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনশ ফিট এলাকায় চারা রোপণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হবে। এর ফলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকটও ধীরে ধীরে কেটে যাবে বলে আশা করা যায়।
গ্যাস সংকট উত্তরণে গৃহীত পদক্ষেপের বিবরণ দিয়ে তিনি জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য সরকার ইতোমধ্যে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে প্রয়োজনীয় অর্থ ছাড় ও আনুষঙ্গিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই নেতা বলেন, এই সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির পটভূমিতে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
একই অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার প্রসঙ্গ তুলে ধরে রিজভী পরিবেশ রক্ষায় জোর তাগিদ দেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব ঠেকাতে শুধু গাছ লাগালেই হবে না; দেশের নদী-নালা, খাল-বিলসহ সব জলাধার বিষাক্ত বর্জ্য ও দূষণ থেকে মুক্ত রাখতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি।
দেশবার্তা/একে