নতুন জাতীয় পে স্কেল-২০২৬ এর গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে পে স্কেলের খসড়া সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এ পাঠানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বিজি প্রেসে মুদ্রণের পর খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফিরে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসআরও (স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার) নম্বর নিয়ে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের আশা প্রকাশ করলেও, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করায় কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে গত সোমবার মন্ত্রিসভা নতুন বেতনকাঠামোর অনুমোদন দেয়। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থানও সরকারের পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নতুন পে স্কেলের সম্ভাব্য ব্যয় মধ্যমেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ)-এর আওতায় আগেই বিবেচনায় রাখা হয়েছিল। তাই এটি সরকারের জন্য আকস্মিক কোনো আর্থিক চাপ নয়। সরকারের বহু বছরের আয়-ব্যয়ের পরিকল্পনার অংশ হিসেবেই নতুন বেতনকাঠামোর অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
দেশবার্তা/এমআর