রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, পুলিশকে দুষ্টের দমনে কঠোর এবং শিষ্টের প্রতি ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এ সময় রাষ্ট্রপতি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রতিরোধ, সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। এ লক্ষ্যে বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার নির্দেশও তিনি পুলিশ বাহিনীকে দেন।
সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল সুদৃঢ় রাখা, আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
দেশবার্তা/এমআর