বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধা ফিরোজা বেগম (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী নিজেও সামান্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে সরকারি সফরে তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় বাক্-শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধা ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় প্রতিমন্ত্রীর গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়।
দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও উপস্থিত ছিলেন। ঘটনা পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি নিজ বাড়িতে ফিরে যান।
অন্যদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন এবং তাঁদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশবার্তা/একে