নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও অপর ছেলে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল বাছেদ মিয়া ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলে, পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক শাকিল চৌধুরী (৩৫), পালিয়ে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, ছেলের সঙ্গে পরিবারের কোনো বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতা-পুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা সেখানে গিয়ে দেখেন, শাকিল চৌধুরী তার বাবার পেটে ছুরিকাঘাত করছেন। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই আব্দুল বাছেদ মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রতিনিধি/আরএইচ