রাঙামাটিতে সাংবাদিকদের জন্য ‘এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলনকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।
প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং), ডিজিটাল নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মশালা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এতে রাঙামাটির ৩৫ জন পেশাদার সংবাদকর্মী অংশ নিয়েছেন।
প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
প্রথম দিনের সেশনে নিবন্ধন ও পরিচিতি পর্বের পর ‘এআই কী এবং সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার’, ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং’, ‘গুগল ট্রেন্ডস টুলের ব্যবহার’ এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব সেশনে এআই প্রযুক্তির ধারণা, ব্যবহারিক প্রয়োগ এবং সাংবাদিকতায় এর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে ‘রিক্যাপিং’, ‘নোটবুক এলএম’, ডেটা বিশ্লেষণ ও কনটেন্ট তৈরি, ছবি, অডিও ও ভিডিও কনটেন্ট প্রস্তুত, ‘গুগল এআই স্টুডিও’ ব্যবহার এবং পডকাস্ট তৈরির ওপর প্রশিক্ষণ। একই দিনে সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা ও প্রতিকূল পরিবেশে রিপোর্টিং নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
তৃতীয় দিনের সেশনে ‘ডিজিটাল নিরাপত্তা’, ‘ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, তথ্য ও গণমাধ্যম স্বাক্ষরতা’, ‘ছবি ও ভিডিও যাচাই’ এবং ‘এআই ও ডিপফেক শনাক্তকরণ’ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলনের আয়োজন রাখা হয়েছে। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি হবে।
প্রশিক্ষণের লক্ষ্য হলো সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে যুগোপযোগী জ্ঞান দেওয়া, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, সাংবাদিকতার নীতিমালা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তথ্যনির্ভর ও মানসম্পন্ন প্রতিবেদন তৈরিতে দক্ষ করে তোলা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা বলেন, “এআই যেমন তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ সহায়ক, তেমনি এর অপব্যবহার থেকেও সতর্ক থাকতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের অবশ্যই পেশাগত দায়িত্বশীলতা ও নীতিমালা মেনে সঠিক তথ্য পরিবেশন করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ। এ সময় ইউনেস্কোর বাংলাদেশ কার্যালয়ের মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম. ফয়সাল উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, আরিফুল ইসলাম আরমান, এস এস আলম আরেফিনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
প্রতিনিধি/আরএইচ