গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় অবৈধভাবে সার মজুত করে রাখার অভিযোগে অভিযান চালিয়ে ২১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, হাজিরহাট এলাকার ব্যবসায়ী এমদাদুল হক এন্তাজের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১৪ বস্তা টিএসপি সার এবং ৭ বস্তা পটাশ সার মজুত অবস্থায় পাওয়া যায়। কৃষি উপকরণ অবৈধভাবে মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ বলেন, “কৃষকদের জন্য বরাদ্দ সার অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকরা যাতে ন্যায্য দামে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিনিধি/আরএইচ