সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি এবং এর আর্থিক সুরক্ষাসংক্রান্ত সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নড়াইলে দিনব্যাপী ‘সর্বজনীন পেনশন মেলা ও তথ্য প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়) ও নড়াইল জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে দুপুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “সাধারণ মানুষের ভবিষ্যৎ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের এই সর্বজনীন পেনশন স্কিম একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ। বৃদ্ধ বয়সে যেন কাউকে অন্যের ওপর নির্ভরশীল হতে না হয়, সে জন্য যুবক ও কর্মক্ষম বয়সেই এই স্কিমে যুক্ত হওয়া প্রয়োজন। সাধারণ মানুষকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “নড়াইল জেলার প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবী এবং প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনাই আমাদের মূল লক্ষ্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই স্কিমের বার্তা ও সেবা পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বলেন, “সর্বজনীন পেনশন কোনো সাময়িক সঞ্চয় নয়, এটি শতভাগ সরকারি জামানতযুক্ত দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। অত্যন্ত স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে এই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে, যাতে গ্রাহকরা ঘরে বসেই তাঁদের হিসাব পরিচালনা করতে পারেন।”
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যাংকের স্থাপন করা ২৩টি স্টল ঘুরে দেখেন।
মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার্থে সর্বজনীন পেনশন স্কিমের চারটি প্রধান ক্যাটাগরি—প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাস’, বেসরকারি কর্মচারী ও প্রতিষ্ঠানের জন্য ‘প্রগতি’, স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য ‘সুরক্ষা’ এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য ‘সমতা’—সম্পর্কে বিস্তারিত তথ্য ও তাৎক্ষণিক নিবন্ধন সেবা দেওয়া হয়। দিনব্যাপী এ মেলায় স্থানীয় বিপুলসংখ্যক সচেতন নাগরিক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের (তহবিল ব্যবস্থাপনা) সদস্য মুন্সী আবদুল আহাদ, অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বী, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিনিধি/আরএইচ