কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল কোনাপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় টহল দেওয়ার সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা একটি পলিব্যাগ কোনাপাড়া বেড়িবাঁধ সংলগ্ন একটি গেওয়া গাছের পাশে ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া পলিব্যাগটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী পাঁচটি প্যাকেট থেকে আনুমানিক ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ