দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৫৫ জন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন। এছাড়া বরিশাল বিভাগে ২১৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন, খুলনা বিভাগে ২৭১ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জনে। এর মধ্যে সর্বমোট ৫৯ হাজার ৩৮ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৪২৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন আছেন।
নতুন ছয়জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশে এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং ৪১৩ জনের মৃত্যু ঘটে। এর আগে ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত হয় এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। তবে দেশে ডেঙ্গুর সবচেয়ে মারাত্মক রূপ দেখা যায় ২০২৩ সালে, সে বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
দেশবার্তা/একে