টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির জন্য ছোট পর্দায় প্রতিদিন একটানা সঞ্চালনা করার অভিজ্ঞতা একদমই নতুন। এর আগে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে তাকে সঞ্চালকের ভূমিকায় দেখা গেলেও একটি জনপ্রিয় ডেইলি রিয়্যালিটি শো নিয়মিত উপস্থাপনা করা ছিল তার ক্যারিয়ারের নতুন চ্যালেঞ্জ।
দীর্ঘদিন ধরে অত্যন্ত জনপ্রিয় এ অনুষ্ঠানের মূল কাণ্ডারি ছিলেন রচনা ব্যানার্জি। তার তৈরি করা শক্ত স্থানে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এবং ক্যামেরার সামনে ঘণ্টার পর ঘণ্টা অনর্গল কথা বলে যাওয়া-সব মিলিয়ে ‘দিদি নম্বর ওয়ান’ এর এই পথচলা স্বস্তিকার জন্য খুব সহজ ছিল না।
সম্প্রতি সেটে অসুস্থ শরীর নিয়ে কাজ করার সময় প্রতিযোগী ও স্টুডিওতে উপস্থিত দর্শকদের উদ্দেশে শুরুতেই অভিনেত্রী বলেন, ‘আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’
ছবি: অভিনেত্রীর ফেসবুক
স্বস্তিকা জানান, স্টুডিওর কনকনে এসিতে একটানা শুটিং করার ফলেই তার গলায় প্রচণ্ড চাপ পড়েছে এবং ঠান্ডা লেগে গেছে। সিনেমা বা ওয়েব সিরিজের কাজের ক্ষেত্রে এমন একটানা কথা বলার প্রয়োজন পড়ে না, কিন্তু রিয়্যালিটি শো-তে দীর্ঘ সময় ধরে অনর্গল কথা বলতে হয়। তাছাড়া স্টুডিওর শত শত বাতির তীব্র তাপে এসি বন্ধ রাখাও অসম্ভব, আবার টানা এসিতে থাকলে স্বাভাবিকভাবেই ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে।
তবে শারীরিক এই প্রতিকূলতার কাছে নতি স্বীকার না করে প্রতিবারই পেশাদারত্বের পরিচয় দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।