বলিউডে নোরা ফাতেহির পরিচিতি এখন নাচ ও অভিনয়ের জন্য। তবে এই জায়গায় পৌঁছানোর পথটি তাঁর জন্য মোটেও মসৃণ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক প্রজেক্টে কাজ করেও সময়মতো পারিশ্রমিক পাচ্ছিলেন না তিনি। আর ঠিক সেই আর্থিক টানাপোড়েনের সময়েই তাঁর কাছে আসে বিখ্যাত রিয়ালিটি শো ‘বিগ বস’ এ যাওয়ার প্রস্তাব। শেষ পর্যন্ত একটি বিশেষ শর্তে সেই প্রস্তাবে রাজি হন নোরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সেই অজানা অধ্যায় ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
নোরা জানান, সে সময় বেশ কয়েকটি গানের শুটিং শেষ করলেও পারিশ্রমিকের টাকা হাতে পাচ্ছিলেন না। প্রযোজকরা হয়তো তাঁর এজেন্সিকে টাকা পরিশোধ করেছিলেন, কিন্তু সেই অর্থ তাঁর কাছে পৌঁছাচ্ছিল না। ঠিক তখনই ‘বিগ বস’ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করে। তবে রিয়ালিটি শো সম্পর্কে ভালো ধারণা না থাকায় শুরুতেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
পরবর্তীতে ‘বিগ বস’-এর বিশাল পারিশ্রমিকের অঙ্ক নোরার সিদ্ধান্ত বদলে দেয়। শুধু অর্থই নয়, এই বহুল আলোচিত শোটিকে তিনি নিজের ক্যারিয়ারের কৌশল হিসেবেও ব্যবহার করতে চেয়েছিলেন। ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে প্রবেশ করায় সেখানে দীর্ঘমেয়াদে থাকার সুযোগ কম ছিল। তাই এই স্বল্প সময়েই দর্শকের কাছে দ্রুত পরিচিতি পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেন তিনি।
পাশাপাশি নোরার মূল লক্ষ্য ছিল বিখ্যাত নাচের রিয়ালিটি শো ‘ঝলক দিখলা জা’ তে অংশ নেওয়া। সেই ভাবনা থেকেই ‘বিগ বস’ এর প্রস্তাব পাওয়ার পর কর্তৃপক্ষের কাছে শর্ত রাখেন- তাঁকে ‘ঝলক দিখলা জা’ তেও সুযোগ দিতে হবে। দুটি অনুষ্ঠানই একই চ্যানেলের হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষ নোরার সেই শর্ত মেনে নেয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ডিসেম্বরে ‘বিগ বস ৯’ এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে যোগ দেন নোরা এবং ২০১৬ সালের জানুয়ারিতে শো থেকে বাদ পড়েন। তবে অল্প দিনের সেই উপস্থিতিই তাঁকে পরিচিতি এনে দেয়। শো চলাকালীন সহ-প্রতিযোগী প্রিন্স নারুলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও খুনসুটি বেশ চর্চায় এসেছিল; এমনকি নোরাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন প্রিন্স।
পরবর্তীতে নোরা ফাতেহির ক্যারিয়ার এগিয়েছে নিজস্ব গতিতে। পারিশ্রমিক নিয়ে ঝামেলা থেকে শুরু হওয়া সেই যাত্রা এবং নোরার সুচিন্তিত কৌশলই মূলত বলিউডে তাঁর নতুন সুযোগের দরজা খুলে দিয়েছিল।
দেশবার্তা/একে