হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মার্কিন নেটপ্রভাবী ও তারকা কিম কার্দাশিয়নকে। সম্প্রতি ‘দ্য কার্দাশিয়নস’র আগামী সিজনের প্রচার-ঝলকে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। খাদ্যনালিতে প্রদাহে তীব্র ব্যাথার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিমকে।
প্রচার-ঝলকে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন কিম। পরনে হাসপাতালের পোশাক। সেখানে নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, তার খাদ্যনালিতে প্রদাহ হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ অসুস্থতাকে বলা হয় এসোফ্যাজাইটিস।
কিমের অসুস্থতার প্রসঙ্গ সামনে আসতেই আলোচনায় এসেছে তার প্রয়াত বাবা রবার্ট কার্দাশিয়ন সিনিয়রের মৃত্যুর কথাও। ২০০৩ সালে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৯ বছর বয়সে মারা যান তিনি। বাবার অসুস্থতার সঙ্গে নিজের রোগের যোগসূত্রের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন কিম ও তার পরিবারের সদস্যরা।
রবার্ট কার্দাশিয়ন ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে তার খাদ্যনালির ক্যানসার শনাক্ত হয়। ২০০৩ সালের সেপ্টেম্বরে এই রোগেই মৃত্যু হয় তার।
বাবার স্মৃতি ও তার চিকিৎসার প্রসঙ্গ এর আগেও একাধিকবার সামনে এনেছেন কিম। ২০২৪ সালে একটি চিকিৎসাকেন্দ্রের পঞ্চম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, তার কয়েকজন বন্ধুকে ওই কেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তাদের চিকিৎসার মাধ্যমে জীবন রক্ষা পেয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি।
এরপর ২০২৫ সালে ‘দ্য কার্দাশিয়নস’র একটি পর্বেও বাবার অসুস্থতা নিয়ে কথা বলেন কিম। তিনি জানান, নতুন প্রযুক্তি ও চিকিৎসকদের কাছে পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও তারা বাবার জীবন বাঁচাতে পারেননি। তবে এখন অন্যদের জীবন বাঁচাতে সহায়তা করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে নতুন সিজনের প্রচার-ঝলকে কিমকে হাসপাতালের বিছানায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা। তবে তার বর্তমান শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে প্রচার-ঝলকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, এসোফ্যাজাইটিস হলো খাদ্যনালির প্রদাহ। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। কিমের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি সামনে এলেও তার অসুস্থতার বিস্তারিত কারণ বা চিকিৎসা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
দেশবার্তা/এমআর