রাজধানীর মালিবাগে শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পর এবার মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের পাশাপাশি দুর্বৃত্তদের গুলিতে এক রিকশাচালক আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকা ও মহাখালীতে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
একই দিন রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কয়েক মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে ব্যাপক বিস্ফোরণ ও গুলির ঘটনায় একজন রিকশাচালক গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকাটিতে প্রচুর যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর কয়েকটির ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ দিকবিদিক ছুটতে শুরু করেন এবং অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার হাসেনুর রহমান বলেন, ‘আমিও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুনেছি। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন।’
এর আগে শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর মধ্যে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি এবং এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটালে ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
এছাড়া একই দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশবার্তা/একে