পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দীর্ঘ দুই-তিন যুগের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী শহর যে সবুজায়নের সাফল্য অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। এ সাফল্যের মূল কৃতিত্ব রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও রাজশাহীর সাংবাদিকরা।
ভূমিমন্ত্রী বলেন, মেয়র পদে দায়িত্ব পালনকালে বিগত ১৭ বছরে রাজশাহী মহানগরী সারা বাংলাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে। এর ফলে রাজশাহী বর্তমানে দেশে ও বিশ্বদরবারে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি লাভ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায়ও অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে।
তিনি বলেন, বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগের মাধ্যমে পৃথিবীতে প্রাণ টিকিয়ে রাখে। পৃথিবীতে বৃক্ষ না থাকলে কোনো প্রাণের অস্তিত্ব থাকত না। তাই পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণকে প্রত্যেকের পবিত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।
নগরীর সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকার কথা উল্লেখ করে তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে রাজশাহীর সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সংগঠনটির সার্বিক সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও বিতরণের জন্য আম, জাম, নিম, মেহগনি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির ৩০ হাজার গাছের চারা দেওয়া হয়।
রেডার সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেলপার্স প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী বলেন, আজ ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হলো। রাজশাহীর সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় রেডার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী বছর থেকে আরও বৃহৎ পরিসরে এ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবেশ সুরক্ষা ও নগরীর সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে বলেও জানান তিনি।
রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ