নড়াইল জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত চার শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল নতুন টার্মিনালের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চার পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়।
অনুদানপ্রাপ্ত মৃত শ্রমিকরা হলেন—তরিকুল ইসলাম, শিহাব বিশ্বাস, মিজানুর রহমান ভিকু ও সাধন বিশ্বাস।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের শ্রমিক নেতা ও নড়াইল বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল পৌর বিএনপির সভাপতি জিল্লাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেন বিশ্বাস ফরিদ, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকতুল হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মোতাহার হোসেন, শ্রমিক নেতা মো. কামরুল ইসলাম, মো. আব্দুর রশিদসহ বর্তমান ও সাবেক শ্রমিক নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিক ইউনিয়নের নীতিমালা অনুযায়ী প্রতিবছর ১ মে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ৩৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। তবে মৃত চার শ্রমিকের পরিবারের আর্থিক সংকট বিবেচনায় এবার আগেই ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
বক্তারা জানান, নীতিমালা অনুযায়ী বাকি ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আগামী ১ মে চার পরিবারের মাঝে বিতরণ করা হবে।
দেশবার্তা/এমআর