নওগাঁ সদর উপজেলার নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশ ও তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে গত ১৮ সেপ্টেম্বর রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় নারী পুলিশের সহায়তায় শ্রী মুনি (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর সহযোগী মানিক (৩৮) ও শাওন (৪২) নামের আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে সুইপার কলোনির ভেতরে মাদক সেবন ও জনবিরক্তি সৃষ্টির অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মনোয়ার (৪৮), মাসুদ রানা (৩২), আবির (১৯), সিয়াম (১৯), রাকিব (১৯) এবং মুন্সিগঞ্জের বাসিন্দা রাজু মিয়া (৩২)।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে প্রতি সপ্তাহে, প্রয়োজনে প্রতিদিন অভিযান চালানো হবে।
মাদক প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুধীজনসহ সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিনিধি/আরএইচ