টরন্টোর কিং স্ট্রিটে অবস্থিত টিআইএফএফ লাইটবক্সে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রদর্শিত হলো বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। প্রদর্শনী শেষে পর্দা থেকে চোখ সরালেও যেন গল্পের আবহ থেকে বের হতে পারছিলেন না অনেক দর্শক। কারও চোখে বিস্ময়, কারও মুখে প্রশংসা। নারীর মুক্তি, সৌন্দর্যের নামে সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার মতো বিষয় নিয়ে তাঁদের মধ্যে তৈরি হয় নানা ভাবনা।
রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ৫১তম আসরের সেন্টারপিস বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। উৎসবে প্রদর্শিত প্রায় ৩০০ চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের ছবিটি দেখতে বিভিন্ন দেশের দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্সে সিনেমাটির দ্বিতীয় প্রদর্শনী হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মশিয়ন ব্যাংক প্রেক্ষাগৃহে আরও একটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।
ভয়ের গল্পে মুক্তির বার্তা
কানাডায় বেড়াতে এসে টরন্টো চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা নিতে সিনেমাটি দেখতে এসেছিলেন মার্কিন তরুণ জন। তাঁর কাছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একই সঙ্গে ভৌতিক এবং গভীরভাবে চিন্তার খোরাক জোগানো একটি চলচ্চিত্র।
জন বলেন, ‘সত্যি বলতে, ভুতুড়ে কনের দৃশ্যগুলো নিয়ে এখনও ভাবছি। সাধারণত ভৌতিক চলচ্চিত্রে ভূত বা কোনো অতিপ্রাকৃত সত্তাকে সহিংসতার সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু এখানে ভূতকে মানুষের ভেতরের ভয়, দ্বন্দ্ব কিংবা মানসিক অবস্থার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। হররের মাধ্যমে গল্প বলার এটি আমার কাছে খুবই চমৎকার ও আকর্ষণীয় একটি পদ্ধতি মনে হয়েছে।’
তবে সিনেমার ভৌতিক আবহের চেয়েও নিজের মনের কথা শোনার বিষয়টি তাঁকে বেশি নাড়া দিয়েছে বলে জানান জন। তাঁর ভাষায়, ‘জীবনে কখনো কখনো নিজের অন্তর্দৃষ্টি বা মনের কথা অনুসরণ করা জরুরি। এমনকি সংস্কৃতি কিংবা পরিবারের প্রত্যাশার বিপরীতে গিয়ে ভিন্ন কিছু করতে হলেও। কারণ নিজের মনের কথা না শুনলে কিংবা নিজের ওপর আস্থা না রাখলে কী পরিণতি হতে পারে, এ সিনেমা যেন সেটিও দেখিয়েছে। আশা করি, সিনেমাটি আরও অনেক দূর যাবে এবং সাফল্য পাবে।’
কানাডীয় তরুণী জের কাছে সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিক নারীর মুক্তির আকাঙ্ক্ষা। তাঁর চোখে গল্পের উচ্চবিত্ত তরুণীটি ছিল ‘সোনার খাঁচায় বন্দি’।
তিনি বলেন, ‘গল্পের মেয়েটির মুক্তি দেখে আমার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে, সে যেন একটি সোনার খাঁচায় বন্দি ছিল। সিনেমাটিকে ব্যাখ্যা করতে হলে এটাই বলব। আর শেষ দৃশ্যটি বেশ স্বাধীনচেতা মনে হয়েছে। মেয়েটি যখন চুল কেটে ফেলে, এরপর এমন একটি রাস্তা দিয়ে হাঁটে, যেটি দেখতে অনেকটা সাধারণ ও নিম্নবিত্ত মানুষের এলাকার মতো। তখন মনে হয়েছে, শেষ পর্যন্ত সে নিজের বন্দিদশা থেকে সত্যিই মুক্ত হতে পেরেছে।’
মায়া নামের এক বয়স্ক কানাডীয় নারী সিনেমাটিকে দেখেছেন নারীর অবস্থান ও আধুনিকতার দৃষ্টিকোণ থেকে। তাঁর ভাষায়, ‘আমার কাছে সিনেমাটি ভীষণ শক্তিশালী মনে হয়েছে। আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে নারীকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটা সত্যিই ভালো লেগেছে। বিষয়টি আমাকে বেশ মুগ্ধ করেছে।’
কানাডীয় দর্শক সুজান স্মিথের চোখে সিনেমাটি একই সঙ্গে আকর্ষণীয় ও ‘চোখ খুলে দেওয়ার মতো’। তিনি বলেন, ‘নির্মাতা বাংলাদেশের শ্রেণিবৈষম্য নিয়েও কথা বলেছেন, যা বেশ তথ্যবহুল ছিল। বিশেষ করে সৌন্দর্য সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি এবং সুন্দর হতে গিয়ে নারীরা কী কী করেন—এসব বিষয় যেভাবে তুলে ধরা হয়েছে, তা বেশ আকর্ষণীয়। একই সঙ্গে মনে হয়েছে, নির্মাতা হয়তো বিষয়টিকে কিছুটা ব্যঙ্গও করেছেন।’
কানাডাপ্রবাসী নির্মাতা ও টরন্টো ফিল্ম স্কুলের সাবেক শিক্ষার্থী মেহেদির কাছে সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিজের শরীর ও চেহারাকে স্বাভাবিকভাবে গ্রহণ করা।
তিনি বলেন, ‘সিনেমাটি নারীবাদ নিয়ে কথা বলেছে। নিজের শরীর ও চেহারা নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকার কথাও বলে। আমার মনে হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কনে কিংবা বর—যার চেহারা যেমন, তা নিয়েই স্বচ্ছন্দ থাকা উচিত। গায়ের রং, শরীরের দাগ—এসব শরীরেরই নিজস্ব অংশ। এগুলো মেনে নিয়ে নিজের মতো করে আনন্দে থাকা উচিত।’
সাত বছর পর টরন্টোয় রুবাইয়াত
সাত বছর আগে, ২০১৯ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে এসেছিলেন রুবাইয়াত হোসেন। সে বছর কনটেম্পোরারি ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রদর্শিত হয়েছিল তাঁর ‘মেড ইন বাংলাদেশ’। এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে একই উৎসবে ফিরেছেন তিনি।
এর আগে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি বিভাগে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে প্রদর্শিত হয়ে আলোচনায় আসে চলচ্চিত্রটি। ভেনিস থেকে টরন্টো এসে নিজের সিনেমার প্রদর্শনী দেখে রুবাইয়াত হোসেনের চোখেমুখেও ছিল তৃপ্তির ছাপ।
তিনি বলেন, ‘টরন্টোতে আমাদের সিনেমার তিনটি শো। সব কটির টিকিট সোল্ড আউট। আজ প্রেক্ষাগৃহভর্তি দর্শক ছিল। প্রদর্শনী শেষে ২০ থেকে ২৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব হয়েছে। অনেক বাংলাদেশি দর্শকও দেখলাম।’
টিআইএফএফের দর্শকদের নিয়ে তাঁর অভিজ্ঞতা, ‘এখানে শত শত চলচ্চিত্র দেখানো হয়। এটা অনেকটা কনফারেন্স বা কনভেনশনের মতো। এ উৎসবের দর্শক দারুণ। তারা সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করেন। সাধারণ তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধারা—সব বয়সের মানুষ সিনেমা দেখেন।’
শামুক-কেঁচো কেন?
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ টিকটিকি, সাপ, কেঁচো ও শামুকের উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এক দর্শকের প্রশ্নের জবাবে নির্মাতা জানান, এসব প্রাণীকে কোনো সরল প্রতীক হিসেবে ব্যবহার করা হয়নি। বরং দর্শকের শরীর ও মনে একটি বিশেষ অনুভূতি তৈরি করাই ছিল তাঁর উদ্দেশ্য।
রুবাইয়াত বলেন, ‘আমার চাওয়া ছিল, এই ফিল্ম দেখার পর দর্শক যেন নিজের শরীরে কিছু একটা অনুভব করেন। ক্লোজআপে শামুক, কেঁচো বা টিকটিকি দেখলে সবার ভেতরে একটা স্পন্দন ঘটে। এটা লজিক্যাল কিছু নয়। আবার কোনো প্রতীক হিসেবেও এগুলো দেখাইনি। এটি শুধুই এক ধরনের অনুভূতি।’
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর মাধ্যমে সিনেমাটিকে বিশ্বের আরও দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এখন তাঁর প্রত্যাশা। নির্মাতা বলেন, ‘যেকোনো ফিল্মমেকারের স্বপ্ন থাকে তাঁর সিনেমা প্রচুর দর্শক দেখবেন। আমারও প্রত্যাশা, “দ্য ডিফিকাল্ট ব্রাইড” যাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিবেশন করতে পারি। ভেনিস ও টরন্টোর পর ধাপে ধাপে আমরা বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব এবং শিকাগোতে যাচ্ছি।’
চাটগাঁইয়া তরুণের গান
সিনেমার গল্প বাংলাদেশের হলেও এর সংগীতেও রয়েছে প্রবাসী এক বাংলাদেশি তরুণের সম্পৃক্ততা। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সংগীত পরিচালনা করেছেন কানাডাপ্রবাসী দামীর খান। তাঁর দাদাবাড়ি চট্টগ্রামে, নানাবাড়ি বরিশালে; বেড়ে উঠেছেন ঢাকায়। এবারই প্রথম নিজের দেশের কোনো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
সিনেমায় তাঁর সুর করা ও গাওয়া দুটি গান হলো ‘ঢাকা লাভ’ ও ‘বিলিভ’। টরন্টোতে উত্তর আমেরিকান প্রিমিয়ারের পর দামীরের কণ্ঠে ছিল গর্ব ও আনন্দ। তিনি বলেন, ‘এত বড় মঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে পেরে খুব ভালো লাগছে।’
সৌন্দর্যের আড়ালে নিয়ন্ত্রণ
সমকালীন ঢাকার একটি বিউটি সেলুনকে ঘিরে এগিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প। বিয়ের আগে একজন নারীর শরীরকে ‘সুন্দর’ করে তোলার সামাজিক ও সাংস্কৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সিনেমাটি সৌন্দর্যের প্রচলিত ধারণা, আকাঙ্ক্ষা, নারীর শরীরের ওপর সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।
বাস্তবতার সঙ্গে হরর, অতিপ্রাকৃত উপাদান ও দক্ষিণ এশীয় লোকবিশ্বাসের মিশেলে নির্মিত হয়েছে সিনেমাটির নিজস্ব আবহ। বিয়েকে ঘিরে সৌন্দর্যচর্চার সামাজিক আয়োজন ধীরে ধীরে রূপ নেয় ভয়ের অভিজ্ঞতায়। সেই ভয় কেবল অতিপ্রাকৃত কোনো শক্তির নয়; বরং মানুষের তৈরি নিয়ম, প্রত্যাশা ও নিয়ন্ত্রণেরও।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগতা জাইনীন চৌধুরী করিম। তাঁর সঙ্গে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ ধীরি। অতিথি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন ও দামীর খান।
দেশবার্তা/এমআর