‘সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন—দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. ওয়াহেদুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুল মুমতাহিনা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নূর আলম, এমওসিএস ডা. হোসেন মো. নাহিদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাপের কামড়ের পর আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। যথাযথ চিকিৎসা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সর্পদংশনজনিত মৃত্যু ও জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
তারা আরও বলেন, সর্পদংশনের ক্ষেত্রে গুজবে কান না দিয়ে বৈজ্ঞানিক চিকিৎসার ওপর আস্থা রাখতে হবে। দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে জীবন রক্ষা সম্ভব।
বক্তারা সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, ‘সচেতন হই—সর্পদংশনে জীবন বাঁচাই। দ্রুত চিকিৎসা নিন, গুজব নয়—বৈজ্ঞানিক চিকিৎসায় আস্থা রাখুন।’
প্রতিনিধি/আরএইচ