অস্কারের ৯৯তম আসরের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। এসব চলচ্চিত্রের মধ্য থেকে একটি নির্বাচন করে অস্কারে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।
চলচ্চিত্রগুলো হলো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দি ইউনিভার্সিটি অব চানখারপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’। এর আগে ৯৯তম অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে চলচ্চিত্র পাঠানোর জন্য গত ২০ আগস্ট ছবি আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল চলচ্চিত্র জমা দেয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে।
চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য এরই মধ্যে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মারুফ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অস্কার কর্তৃপক্ষও এরই মধ্যে কমিটির অনুমোদন দিয়েছে।
নির্ধারিত প্রক্রিয়ায় জমা পড়া চলচ্চিত্রগুলো দেখবেন ও মূল্যায়ন করবেন কমিটির সদস্যরা। এরপর সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের পক্ষ থেকে অস্কারে পাঠানোর জন্য চূড়ান্ত করা হবে।
বাছাই প্রক্রিয়া শেষে ২৭ সেপ্টেম্বর নির্বাচিত চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
দেশবার্তা/এমআর