ভালোবাসা, আকাঙ্ক্ষা, ঘনিষ্ঠতা ও সম্পর্কের জটিলতা—এসব বিষয়কে কেন্দ্র করেই এগিয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’। এবার তৃতীয় কিস্তিতে চার নির্মাতার চারটি ভিন্ন গল্প নিয়ে হাজির হচ্ছে সিরিজটি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে সেই গল্পগুলোর নানা দিকের আভাস মিলেছে।
‘লাস্ট স্টোরিজ থ্রি’-এর চারটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। এতে অভিনয় করেছেন অদিতি রাও হায়দরি, সিদ্ধার্থ, রাধিকা আপ্তে, কঙ্কনা সেনশর্মা, রাধিকা মাদান, আলি ফজল, বিজয় ভার্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গুরফতেহ পিরজাদা ও সানা থাম্পি।
ট্রেলারের শুরুতেই অদিতি রাও হায়দরির চরিত্রকে নারীর আকাঙ্ক্ষা ও ইচ্ছা নিয়ে কথা বলতে দেখা যায়। তাঁর সংলাপ থেকেই বোঝা যায়, এবারের গল্পগুলোতে নারীর অনুভূতি ও চাওয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিদ্ধার্থ ও অদিতির গল্পে উঠে এসেছে দাম্পত্য জীবনের টানাপোড়েন।
আলি ফজল ও রাধিকা মাদানের চরিত্রের সম্পর্কেও দেখা যায় ভাঙনের ইঙ্গিত। অন্যদিকে কঙ্কনা সেনশর্মা ও রাধিকা আপ্তের গল্প আবর্তিত হয়েছে দুই সহকর্মীর বন্ধুত্বকে ঘিরে। সম্পর্ক নিয়ে তাদের আলোচনা ও পরামর্শ থেকেই তৈরি হয়েছে বেশ কিছু মজার পরিস্থিতি।
গুরফতেহ পিরজাদা ও সানা থাম্পির চরিত্রে ফুটে উঠেছে নতুন প্রেমের শুরু। ট্রেলারে বিজয় ভার্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেছে। পাশাপাশি শেষ মুহূর্তে অক্ষয় কুমারকে ঘিরে তৈরি একটি জনপ্রিয় মিমের ইঙ্গিতও রাখা হয়েছে।
চার নির্মাতার গল্পে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যাবে। বিক্রমাদিত্য মোতওয়ানের গল্পে পরিচিত জীবনে হঠাৎ করে অপ্রত্যাশিত আকর্ষণের আগমনকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিরণ রাওয়ের গল্পে আকর্ষণ থেকে তৈরি হওয়া কৌতূহল এবং সেখান থেকে নেওয়া সিদ্ধান্তের পরিণতি সামনে এসেছে।
শকুন বাত্রার গল্পে ভালোবাসা, নিরাপত্তাহীনতা, আকর্ষণ ও হতাশার মধ্যে জটিল সম্পর্কের চিত্র উঠে এসেছে। আর বিশাল ভরদ্বাজের গল্পে গুরুত্ব পেয়েছে আকাঙ্ক্ষা, কল্পনা, আত্মপরিচয় এবং নিজের অনুভূতি প্রকাশের সাহস।
২০১৮ সালে শুরু হয়েছিল ‘লাস্ট স্টোরিজ’-এর যাত্রা। পাঁচ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি। এবার তৃতীয় কিস্তিতে চার পরিচালকের চার গল্পে আকাঙ্ক্ষার পাশাপাশি দেখা যাবে দাম্পত্য সংকট, নতুন প্রেম, আত্মপরিচয় এবং না-বলা অনুভূতির বিভিন্ন দিক।
‘লাস্ট স্টোরিজ থ্রি’ আগামীকাল শুক্রবার থেকে শুধু নেটফ্লিক্সে দেখা যাবে।
দেশবার্তা/এমআর