আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলিল লেখকেরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ইমান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক। সদর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মণ্ডলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিরাজুল ইসলাম মিথেন, আব্দুল করিম সরকার, আব্দুল কাফি, রাজু আহমেদ, রেজাউল করিম, মাসুদ সরকার, আমিনুল ইসলাম ও মনছুর আলীসহ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
সমাবেশে দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে না দেওয়া এবং সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এ সময় দলিল লেখকেরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার হয়ে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আবারও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক।
প্রতিনিধি/আরএইচ