রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পায়। ঘটনার কারণ অনুসন্ধানে এবং আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তাঁর একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে গাজী নজরুল স্বীকার করেন, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও সংসদীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠায় দলটি।
দেশবার্তা/একে