দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন রোগী।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৭১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩২ জন ভর্তি হয়েছেন। সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় সর্বোচ্চ ৩৮৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে খুলনায় ২৯২ জন, চট্টগ্রামে ১৬৭ জন, বরিশালে ১৫৪ জন, রাজশাহীতে ১৩৭ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৮৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে কেবল সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৮৭ জন, যা চলতি বছরের একক মাস হিসেবে সর্বোচ্চ প্রাণহানি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন, যাদের মধ্যে ৫৭ হাজার ৬১০ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে। সংস্থাটির হিসাবে, ২০২৩ সালে দেশে ইতিহাসের সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২০২৪ সালেও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ১ লাখ ২ হাজার রোগী শনাক্ত হয়েছিল।
দেশবার্তা/একে