জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে শহিদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি মুগ্ধর পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বৈঠকে পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং চিকিৎসায় সরকারের নেওয়া নানা পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে শহিদ ও আহত পরিবারের কল্যাণে গৃহীত কার্যক্রমগুলো দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানান তাঁরা।
সাক্ষাৎকালে পরিবারের সদস্যরা গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহিদের নাম খচিত ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের’ একটি রেপ্লিকা রাষ্ট্রপতির হাতে তুলে দেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনও ভুলবে না।
রাষ্ট্রপতি আশ্বাস দেন, শহিদ পরিবারগুলোর সার্বিক কল্যাণসহ আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। সাক্ষাৎ শেষে তিনি জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।
এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে