রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের পাঁচদিনের রিমান্ড শুনানির জন্য আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ মাসহুর আশরাফী (২০)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওয়ারী জোনের পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা আদালতে চার আসামির প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন।
তবে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মহিন উদ্দিন জানান, তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় রোববার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে মঙ্গলবার শুনানির দিন পুনর্নির্ধারণ করেন।
পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার বংশাল এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পরে রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোড এলাকার একটি ১০ তলা ভবনের নিচতলা থেকে লাল কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল। পরবর্তীতে তাঁর সহযোগীদের ডেমরার ডগাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই জুয়েল রানা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন।
দেশবার্তা/একে