চলতি বছরের জুলাইয়ে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না। পুত্রসন্তান বেদের জন্মের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সন্তানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন, তেমনি মাতৃত্বের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার কথাও তুলে ধরছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসবপরবর্তী মানসিক পরিবর্তন ও অবসাদ (পোস্টপার্টম ডিপ্রেশন) নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে কারিশমা জানান, সন্তান জন্মের আগেই তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন। প্রসবপরবর্তী মানসিক অবসাদ যে একটি বাস্তব ও স্বাভাবিক ঘটনা, তা তার জানা ছিল। তবে আগে থেকে জানা থাকলেও সেই কঠিন অনুভূতি ও মানসিক পরিবর্তন পুরোপুরি এড়ানো সম্ভব হয় না বলে জানান এই অভিনেত্রী।
কারিশমা মনে করেন, প্রসবের পর এই কঠিন সময়ে সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের মনে কোনো প্রকার অপরাধবোধ তৈরি হতে না দেওয়া। প্রতিটি মায়ের অভিজ্ঞতাই সম্পূর্ণ আলাদা। তাই অন্য কারও জীবন বা পরিস্থিতির সঙ্গে নিজের তুলনা না করে, নিজের গতিতেই মাতৃত্বকে স্বাভাবিকভাবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন তিনি।
সন্তান জন্মদানের পর শরীরের পরিবর্তন, অস্ত্রোপচারের ধকল এবং হরমোনের ওঠানামার কারণে সময়টা কতটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে, সে অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন কারিশমা।
তিনি বলেন, এই সময়ে অনেক সময় সামান্য কারণেই চোখে পানি চলে আসে। অথচ সেই মানসিক অবস্থাতেই সন্তানকে সামলানোর মতো প্রয়োজনীয় শক্তি ঠিকই খুঁজে নিতে হয়।
তবে এই কঠিন অধ্যায়ের মধ্যেও মাতৃত্বের আসল সৌন্দর্য খুঁজে পেয়েছেন কারিশমা। তার মতে, একটি নতুন প্রাণকে পৃথিবীতে নিয়ে আসার সময় একজন নারী যে অসীম সহনশীলতা ও সাহসের পরিচয় দেন, সেটাই আসল শক্তি। এই অভিজ্ঞতাকে নিজের জীবনের অন্যতম একটি 'সুপার পাওয়ার' হিসেবে দেখছেন তিনি।
ছোটপর্দা ও ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন কারিশমা তান্না। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি আপাতত কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে পরিবার এবং সদ্যোজাত সন্তানকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চান।
দেশবার্তা/একে