শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ এর অন্যতম সামাজিক চরিত্র ‘চন্দ্রমুখী’। সাহিত্য ছাড়িয়ে বিভিন্ন সময়ে রূপালি পর্দায়ও ফুটে উঠেছে চরিত্রটি। চন্দ্রাবতী দেবী, বৈজয়ন্তীমালা, সুপ্রিয়া দেবী, মাধুরী দীক্ষিত কিংবা ওয়ামিকা গাব্বির মতো নন্দিত অভিনেত্রীরা এর আগে পর্দায় চন্দ্রমুখী হয়ে হাজির হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে টালিউড অভিনেত্রী কৌশানী মুখার্জির নাম।
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’-এ চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
কৌশানীকে নির্বাচনের বিষয়ে সৃজিত মুখার্জি বলেন, চন্দ্রমুখী নামটার মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’তে কাজ করার পর কৌশানির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি, ‘এটা করে দে তো’। আর অতিথি চরিত্রের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকবে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে অতিথি চরিত্রে পারফর্ম করবেন কৌশানী। তাঁর দৃশ্যমান গানে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত গায়ক শ্রেয়া ঘোষাল। এর আগে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ চলচ্চিত্রেও চন্দ্রমুখীর গানে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য, ব্যক্তিজীবন এবং তৎকালীন সামাজিক ও রাজনৈতিক পটভূমি কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটিতে শরৎচন্দ্রের নামভূমিকায় অভিনয় করছেন টোটা রায়চৌধুরী।
এছাড়া রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সংগীত পরিচালনায়ও আত্মপ্রকাশ করছেন সৃজিত মুখার্জি। আগামী দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
দেশবার্তা/একে