দক্ষিণী সিনেমায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। মেগাস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটিতে তার চরিত্রের প্রথম ঝলক, যা দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশিত ঝলকে নীল শাড়িতে দেখা যায় বিদ্যাকে। তিনি হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। এরপর উত্তেজনাপূর্ণ এক মুখোমুখি দৃশ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে তাকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। বিদ্যা বালানের এই শক্তিশালী অভিব্যক্তি, পোশাক ও রহস্যময় উপস্থিতি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে।
বিদ্যা বালানের নতুন এই রূপ দেখে এক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও বুকে ট্যাটু- সব মিলিয়ে বিদ্যা যেন চরিত্রটিতে নতুন মাত্রা যোগ করেছেন।
আরেক দর্শক মন্তব্য করেন, ‘দ্য ওয়ান টু ওয়াচ আউট ফর’। ওই দর্শকের মতে, যেকোনো চরিত্রে অনায়াসে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে এই অভিনেত্রীর।
অন্য এক ভক্তের মন্তব্য, ‘কান্থা’ চরিত্রে বিদ্যা বালানকে দেখে মনে হচ্ছে, তিনি যে ফ্রেমেই থাকবেন, সেটিই নিজের করে নেবেন।
শুধু বিদ্যা বালানের নতুন রূপই নয়, তার চরিত্রটি নিয়েও অনুরাগী ও দর্শকদের মাঝে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। পর্দায় রজনীকান্তের সঙ্গে তার রসায়ন এবং মুখোমুখি দৃশ্যগুলো কেমন জমবে, তা নিয়েও চলছে বিস্তর আলোচনা।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া সফল সিনেমা ‘জেলার’-এর এই সিক্যুয়েলটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার। রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু ও মির্না। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। সান পিকচার্স প্রযোজিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দেশবার্তা/একে