বলিউডের চর্চিত তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির পরিবারে কি আসতে চলেছে নতুন অতিথি? হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর মঞ্চে উপস্থাপক সালমান খানের একটি মন্তব্যকে ঘিরে এমনই নতুন জল্পনা তৈরি হয়েছে বি-টাউনে।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দ্য ভাভান : ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারের অংশ হিসেবে অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে অতিথি হয়ে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সেখানে আড্ডার একপর্যায়ে সিদ্ধার্থের বিবাহিত জীবন এবং বাবা হওয়ার অনুভূতি জানতে চান অনুষ্ঠানের সঞ্চালক সালমান খান।
জবাবে সিদ্ধার্থ জানান, বিয়ের পর তার জীবন দারুণ কাটছে। এ সময় বিয়ের আগের পুরোনো স্মৃতি মনে করিয়ে দিয়ে সালমান রসিকতা করে বলেন, একসময় তিনি সিদ্ধার্থকে দ্রুত বিয়ের পরামর্শ দিতেন এবং তখন সিদ্ধার্থ লাজুক বরের মতো আচরণ করতেন। জবাবে সিদ্ধার্থ হেসে জানান, কিয়ারার সঙ্গে সম্পর্কটি তারা দীর্ঘদিন গোপন রেখেছিলেন এবং সঠিক সময়েই তা প্রকাশ্যে এনেছিলেন। সালমানের মন্তব্য, ‘সেই গোপন কথা তো এখন সন্তানের রূপ নিয়েছে।’
বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে সিদ্ধার্থ বলেন, ‘বাবা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। আমাদের মেয়ে সারায়াহ খুব আদরের, সে এখন নতুন নতুন কথা বলা ও অনেক কিছু শেখা শুরু করেছে।’
কথোপকথনের একপর্যায়েই সিদ্ধার্থকে উদ্দেশ করে সালমান হঠাৎ বলে ওঠেন, ‘আশা করি খুব শিগগিরই আরও একটি সন্তান হবে।’ সালমান খানের এমন মন্তব্যের পর থেকেই বলিউডজুড়ে সিদ্ধার্থ-কিয়ারা দম্পতির দ্বিতীয় সন্তান আসার গুঞ্জন জোরালো হয়। তবে এ বিষয়ে সিদ্ধার্থ বা কিয়ারা কাউকেই এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ঘোষণা দিতে দেখা যায়নি।
উল্লেখ্য, ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে সিদ্ধার্থ ও কিয়ারার প্রেমের সূচনা। দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা। এরপর ২০২৫ সালের জুলাইয়ে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান সারায়াহ মালহোত্রা।
দেশবার্তা/একে