বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলোর লাগাতার ধর্মঘট পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংগঠনটি জানায়, সিএনজি খাতের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে গত ২২ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ২৪ সেপ্টেম্বর মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠক হয়। আলোচনায় সিএনজি খাতের সমস্যাগুলো দ্রুত নিরসনের আশ্বাস দেন তাঁরা। এর ভিত্তিতে সংগঠনের স্টিয়ারিং কমিটির সভায় ২৮ সেপ্টেম্বর থেকে লাগাতার বন্ধের পূর্বঘোষিত কর্মসূচিটি স্থগিতের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারের প্রতি সহযোগিতার অংশ হিসেবে অ্যাসোসিয়েশন এর আগেও দুবার কর্মসূচি স্থগিত করেছিল। গত ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত নির্ধারিত প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করা হয়। এছাড়া ২৩ আগস্ট থেকে সারা দেশে লাগাতার ধর্মঘটের যে কর্মসূচি ছিল, তা পিছিয়ে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।
সংগঠনটি আশা প্রকাশ করেছে, সিএনজি খাতের যৌক্তিক দাবি ও বিদ্যমান সমস্যাসমূহ সমাধানে সরকার দ্রুততম সময়ের মধ্যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।
দেশবার্তা/একে