চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘রেড কার্ড’ দেখিয়ে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘রেড কার্ড’ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা হাতে লাল কার্ড তুলে নিয়ে নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’ এবং ‘রেড কার্ড, রেড কার্ড, অনলাইন ভিসিকে রেড কার্ড’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।
শিক্ষার্থীরা বলেন, ‘রেড কার্ড’ দেখানোর মাধ্যমে তাঁরা নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যানের বার্তা দিয়েছেন। তাঁদের দাবি, অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিল করে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহাল করতে হবে।
এর আগে নতুন উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন—এমন খবরে শুক্রবার দিবাগত রাত থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে পাহারা দেন শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগান ও ব্যঙ্গাত্মক গ্রাফিতিও আঁকেন তাঁরা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, তাঁদের গ্রাফিতি কর্মসূচি অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের একমাত্র দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্যের দায়িত্ব দেওয়া। দীর্ঘ সময় ধরে আন্দোলন চললেও দাবি পূরণ না হওয়ায় তাঁরা হতাশ।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের ইটিই বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকেই তাঁর নিয়োগ বাতিল ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনও।
প্রতিনিধি/আরএইচ