মধ্যরাতে রাড্ডা ক্লিনিক ভাঙচুর-লুটপাট: নেপথ্যে মোটা অংকের টাকার লেনদেন

ইসমাঈল হুসাইন ইমু

অপরাধ

রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনার নেপথ্যে মোটা অংকের লেনদেন হয়েছে বলে একাধিক সূত্র বলছে। ১০ কাঠার ওই

2026-09-27T17:19:28+06:00
2026-09-27T19:02:05+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অপরাধ
মধ্যরাতে রাড্ডা ক্লিনিক ভাঙচুর-লুটপাট: নেপথ্যে মোটা অংকের টাকার লেনদেন
লক্ষ্য ছিল নতুন মার্কেট নির্মাণের ; শাহআলী থানার ওসি প্রত্যাহার
ইসমাঈল হুসাইন ইমু
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৭:০২ পিএম
⏲
রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনার নেপথ্যে মোটা অংকের লেনদেন হয়েছে বলে একাধিক সূত্র বলছে। ১০ কাঠার ওই জমি ১০০ কোটি টাকার সম্পত্তি, যা দখলে নিতে দখলদারদের ১০ কোটি টাকার চুক্তি হয় বলে সূত্রটির দাবি। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া দায়িত্বে গাফিলতির কারণে শাহআলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। অবশ্য এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ওই ঘটনায় কোন দল দেখা হবেনা কোন পুলিশ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে এই হামলাকে পরিকল্পিত বলছেন ভুক্তভোগি ব্যবসায়ীরা। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিও ভুক্তভোগিদের পাশে অবস্থান নিয়েছে। 

জানা গেছে, প্রায় পাঁচ দশক ধরে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার নিম্নআয়ের হাজারো পরিবারের স্বাস্থ্যসেবার ভরসা। প্রতিষ্ঠানটি মাতৃস্বাস্থ্যসেবা, শিশুদের টিকাদান ও প্রজননস্বাস্থ্যসেবা দিয়ে আসছে। কিন্তু গত বৃহস্পতিবার মধ্যরাতে চালানো হামলায় প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তিটি দখল নিয়ে বিরোধ আরও জটিল হয়েছে। 

এ ঘটনায় রাজনৈতিক প্রভাব, পুলিশের নিষ্ক্রিয়তা ও প্রাতিষ্ঠানিক তদারকির ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিয়ন্ত্রণ নিতে ১০ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল বলে অভিযোগ উঠেছে। রাজধানীর এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, লুটপাট ও ধ্বংসযজ্ঞের আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, স্থানীয় বিএনপি নেতাদের ও পুলিশ কর্মকর্তাদের প্রভাবিত করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থলে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের নামে কয়েকটি সাইনবোর্ড লাগানো হয়।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে উল্লেখ করে তার নতুন কর্মস্থল হিসেবে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করে পুনরায় স্বাস্থ্যসেবা চালু করতে হবে। 

রোববার দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেন এনসিপির মুখপাত্র। এ সময় তিনি ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ধ্বংসস্তূপের মধ্যেও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যকেন্দ্রের সামনে দখলদারদের টানানো সমমনা দোকানদার সমিতির সাইনবোর্ডও এনসিপির নেতাকর্মীরা অপসারণ করেন।
 
আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মা ও শিশুদের চিকিৎসা এবং টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জামও লুট করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠানের ওপর এ ধরনের ধ্বংসযজ্ঞ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

তিনি বলেন, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই ঘটনার সঙ্গে বিএনপির এমপি, সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় পুলিশ সবার ঐক্যবদ্ধ এবং সংগঠিত একটা অপরাধ এটা। এটা রাষ্ট্রের কয়েকটা প্রতিষ্ঠানের সংগঠিত অপরাধ এবং একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটা লুটতরাজ হয়েছে।

এছাড়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ডা. তাসনিম জারা। একই সঙ্গে তিনি বলেছেন, ৫০ বছর ধরে এলাকার মানুষের আস্থার প্রতীক এই স্বাস্থ্যকেন্দ্রটি ধ্বংস করে দেওয়া হলেও স্বাস্থ্যকর্মীরা খোলা আকাশের নিচে শিশুদের টিকাদানসহ জরুরি সেবা চালিয়ে যাচ্ছেন। 

তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি শুধু টিকাদান নয়, প্রসূতি মা, গর্ভবতী নারী ও এলাকাবাসীর নানা ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। ভবন ভেঙে দেওয়ার পরও মায়েরা রোদের মধ্যে কষ্ট করে শিশুদের টিকা দিতে নিয়ে আসছেন, যা এই কেন্দ্রের প্রতি মানুষের আস্থারই প্রতিফলন। 

তবে ডিএমপি কমিশনারের ভাষ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চললেও পুলিশকে জানানো সত্ত্বেও কেন তা ঠেকানো গেল না এবং এমন পরিস্থিতিতে মানুষ কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভরসা করবে।

অপরদিকে সম্পত্তির মালিকানা দাবি করা সমবায় সমিতিটির সভাপতি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত সমিতিটির সভাপতি ছিলেন। ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর সমিতির প্যাডে জমি বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি। নথিপত্রে এ তথ্য পাওয়া গেছে। 

পরে কয়েকজন অভিযোগ করেন, তিনি এই দখল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি। মিরপুরের ১০ কাঠার এই সম্পত্তির বর্তমান মূল্য স্থানীয়দের হিসাবে প্রায় ১০০ কোটি টাকা। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজনের অভিযোগ, সমবায় সমিতি জমিতে দোকান বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫০ সদস্যের কাছ থেকে ২ লাখ টাকা করে নেয়। এতে ৩০ কোটি টাকার তহবিল গড়ে ওঠে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে অস্ত্রসহ স্থানীয় ২০০ জনের বেশি মুখোশধারী ব্যক্তি প্রতিষ্ঠানটির চত্বরে প্রবেশ করে বলে কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

তারা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে বলে অভিযোগ রয়েছে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে একটি স্থায়ী ভবন ও তিনটি আধাপাকা স্থাপনাও ছিল। পরদিন শুক্রবার শাহ আলী থানায় মামলা করা হয়। শনিবার পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনায় কথিত মূলহোতা হানিফ মিয়াকে এখনো গ্রেপ্তার করা হয়নি। 

মিরপুর বিভাগের উপকমিশনার অব পুলিশ নাসের রিকাবদার বলেন, হানিফসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। 

ডিএমপি কমিশনার বলেন, তদন্তে রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে রাড্ডার ওপর নির্ভরশীল রোগীদের কাছে তাৎক্ষণিক উদ্বেগ হলো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাওয়া। 

স্বাস্থ্যকর্মীরা জানান, রাড্ডার সেবাগ্রহীতাদের বড় অংশ নারী, শিশু ও নিম্নআয়ের পরিবার। এসব পরিবারের অনেকের বেসরকারি চিকিৎসার খরচ বহনের সামর্থ্য নেই। সরকারি ছুটির দিন ছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলত। নারীদের জন্যও এখানে স্বাস্থ্যসেবা দেওয়া হতো। প্রতি শনিবার দুপুর ২টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। 

রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, ১৯৭৬ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জমি বরাদ্দ পাওয়ার পর প্রতিষ্ঠানটি সেখানে কার্যক্রম শুরু করে। তিনি বলেন, কখনো কাউকে প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার কথা বলা হয়নি। কোনো নোটিশও দেওয়া হয়নি। তিনি বলেন, বৃহস্পতিবারের হামলায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

তিনি আরও জানান, ২০০৯ সালেও অপরাধীরা জায়গাটি দখলের চেষ্টা করেছিল। তবে স্থানীয়রা সেই উদ্যোগ প্রতিহত করেন। এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে, কোনো আনুষ্ঠানিক প্রশাসনিক বা আইনি সমাধান ছাড়াই দীর্ঘদিনের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র কীভাবে বিরোধের কেন্দ্রে পরিণত হলো। রাড্ডার কর্মকর্তারা জানান, সরকারি বরাদ্দ পাওয়ার পর প্রায় পাঁচ দশক ধরে তারা জমিটিতে কার্যক্রম চালিয়ে আসছেন। অন্যদিকে সমবায় সমিতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা দাবি করেন, তারা গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছ থেকে জমির বরাদ্দ ও নিবন্ধন পেয়েছেন।

কে এই হানিফ

স্থানীয়দের কাছে হানিফ মিয়া এই ঘটনার অন্যতম মূল ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন বলেও জানান ওই দোকানদার। হানিফ মিয়া সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ভগ্নিপতি। মিষ্টি সাবেক ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার সৈয়দুর রহমান নিউটনের স্ত্রী এবং সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন। নিউটনের মামাতো ভাই হানিফ মিয়া। ২০০২ সালের ১০ মে মিরপুর রোডে গুলিতে নিউটন নিহত হওয়ার পর মিষ্টি ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। পরে তিনি বর্তমান সংসদে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন।

প্রসঙ্গত, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা দিতে কার্যক্রম শুরু করে। সুইডিশ সেভ দ্য চিলড্রেনের প্রতিষ্ঠান রাড্ডা বার্নেনের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, শিশুদের টিকাদান, শিশুস্বাস্থ্যসেবা ও কমিউনিটি স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির তিনটি স্থায়ী ক্লিনিকে রোগীদের প্রয়োজন অনুযায়ী প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও হেমাটোলজিসহ বিভিন্ন রোগ নির্ণয় সেবাও দেওয়া হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা: আইজিপি
এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]