দেশে বিদায়ের আবহ তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর। এটি কম সক্রিয় থাকায় আগামী কয়েক দিন সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে। তবে কয়েকটি বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে দেশ থেকে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় (৫ থেকে ৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী দুই দিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
দেশবার্তা/একে