মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত মেনে এই নম্বরপ্লেট স্থাপন করতে হবে। সময়সীমার মধ্যে নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডিসহ (RFID) উন্নতমানের রেট্রো-রিফ্লেকটিভ ধাতব প্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের যে বিধান রয়েছে, তার পাশাপাশি এখন থেকে সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজ নিজ ব্যবস্থাপনায় সামনের অংশে এই ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।
বিআরটিএর দেওয়া পরিমাপ অনুযায়ী, স্কুটার জাতীয় মোটরসাইকেলের ক্ষেত্রে সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। আর স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের জন্য দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বরপ্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বর এক অনুভূমিক রেখায় (এক লাইনে) লেখা যাবে।
নম্বরপ্লেট তৈরির উপকরণের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করে প্লেট তৈরি করতে হবে। সাদা পটভূমির (ব্যাকগ্রাউন্ড) ওপর স্পষ্ট কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো প্রকার শোভাবর্ধক উপাদান, নকশা বা অলংকরণ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সব মোটরসাইকেল মালিককে বিআরটিএর শর্ত মেনে সামনে নম্বরপ্লেট স্থাপনের জোর অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় আইনগত শাস্তির মুখোমুখি হতে হবে।
দেশবার্তা/একে