রাত পোহালেই রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তাঁকে বরণ করতে গত ৪৮ ঘণ্টায় বদলে গেছে পুরো রংপুর নগরীর চেহারা। দীর্ঘদিনের অযত্নে পড়ে থাকা ফুটপাত আজ ঝকঝকে পরিষ্কার, খানাখন্দে ভরা সড়কে পড়েছে নতুন পিচের প্রলেপ, আর সড়ক বিভাজকে লাগানো হচ্ছে নতুন গাছ। ১৮১৩ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনের পর প্রধানমন্ত্রীর এই সফরকে রংপুরবাসী দেখছে উন্নয়নের বড় বার্তা হিসেবে।
সোমবার সরেজমিনে নগরী ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর যাত্রাপথ সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর নগরীর ধর্মসভা মোড় পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। ফুটপাত দখলমুক্ত করতে কাজ করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর জাহাজ কোম্পানি, মেডিকেল মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় সড়কের মাঝের আইল্যান্ডে রঙের কাজ ও বৃক্ষরোপণ করছে শ্রমিকরা। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নয়, এটি নগরীর নিয়মিত সৌন্দর্যবর্ধনের অংশ। তবে এই সফর আমাদের কাজে গতি এনেছে।
নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, রাধা গোবিন্দ মন্দিরকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এরই মধ্যে এসএসএফ, এনএসআই ও ডিজিএফআই মন্দির এলাকা পরিদর্শন করেছে। পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, আজ সকাল থেকে নগরীতে যান চলাচলে বিশেষ ট্রাফিক পরিকল্পনা থাকবে। ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা এবং বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। রংপুর সদর সাব রেজিস্ট্রার সাবেক ও পূজা উদযাপন কমিটির সভাপতি রাম জীবন কুন্ডু জানান,স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী রংপুরে এসে পূজামণ্ডপ পরিদর্শন করবেন। আমরা শুধু উৎসবের শুভেচ্ছা নয়, রংপুরের জন্য স্থায়ী উন্নয়নের বার্তা শুনতে চাই। ব্যবসায়ী নেতারা মনে করছেন, রংপুর ইপিজেড ও ৩৬০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী কোনো সুস্পষ্ট ঘোষণা দিতে পারেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও থেকে সামরিক বিমানে সৈয়দপুর পৌঁছাবেন এবং সকাল ১১টায় রাধা গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি রাজশাহী ও চট্টগ্রামের পথে রওনা হবেন।
প্রতিনিধি/আরএইচ