গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে টঙ্গীর মুদাফা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- লালচান মিয়া (৬০), স্ত্রী নাছিমা বেগম (৫০) ও মেয়ে তানিশা (১৬)।
স্থানীয়রা জানান, ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তারা দগ্ধ হয়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ভোরে রান্নার প্রস্তুতির সময় সিলিন্ডারের গ্যাস লিকেজের কারণে রান্নাঘরে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দেশবার্তা/এমআর