মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পরিবেশ বজায় রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চলছে।
সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইলে পাঁচ প্লাটুন, গাজীপুরের চৌরাস্তা, ভোগড়া বাইপাস, পোড়াবাড়ী, মাস্টারবাড়ী বিদ্যুৎ এলাকা, তেলিপাড়া, সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈরে ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
নারায়ণগঞ্জে মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়, চাষাঢ়া, ঝালকুড়ি সেতু, বিসিক শিল্প এলাকা ও কাঁচপুর সেতু এলাকায় দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানিয়েছে, তাদের সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।
দেশবার্তা/একে