ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এবং ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।
তার সঙ্গে অন্য কাউকে আনা হয়েছে কি না- সে বিষয়ে তিনি বলেন, ডিবি তাকে শুধু ইকবাল সোবহান চৌধুরীর কথাই জানিয়েছে। তবে ডিবিসি সূত্র জানায়, নিউজরুম থেকে দুজন সাংবাদিককেও ডিবি নিয়ে গেছে।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়নি। তিনি ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার ওপর মব সৃষ্টির চেষ্টা করা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা জানাসহ অন্যান্য বিষয়ে নিয়ে কথা বলা হচ্ছে।
রাজিব ঘোষ নামে ডিবিসির এক সাংবাদিককে নিয়ে আসার বিষয়ে তিনি বলেন, তার সঙ্গেও কথা বলা হচ্ছে।
ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক জানান, ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার বিষয়টি তারা পরে জানতে পেরেছেন। তিনি বলেন, উনি অফিস থেকে যখন বের হচ্ছিলেন, তখন ডিবি এসেছে। ডিবি এসে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। কেন নিয়ে যাওয়া হয়েছে, সেটা এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার না। বাট আমরা কিছু জিনিস বেইজ করে হয়তো বলতে পারি, হয়তো জুলাই রেভুলেশনের সময়ের যে মামলা ছিল, সেই বিষয়ে কি না। আমরাও ডিবিসির পক্ষ থেকে আসলে জানার চেষ্টা করছি যে কেন ওনাকে আটক করা হলো।
ডিবিসির সিনিয়র ক্রাইম রিপোর্টার ও ক্রাইম চিফ রাজীব ঘোষের বিষয়ে তিনি বলেন, উনি সিনিয়র একজন রিপোর্টার। ওনার সঙ্গে ডিবির একটা ভালো সম্পর্ক রয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে, সেই সুবাদে বলেছে, ‘আসেন আপনার সঙ্গে একটু কথা বলি যে ব্যাপারটা কী’।
ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে ডিবিসিতে কোনো পদে নেই উল্লেখ করে তিনি জানান, তিনি অতীতে ডিবিসির চেয়ারম্যান ছিলেন।
দেশবার্তা/একে